বিডি নিউজ ৬৪: সেনবাগ উপজেলায় ইসরাত জাহান রিমু (১২) নামে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে সামনের বেঞ্চে বসায় পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রী পিটানো শিক্ষক বেলায়েত হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিষ্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বহিষ্কৃত বেলায়েত হোসেন সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শ্রেণি কক্ষে রোল নাম্বার যাদের ১,২,৩,৪ তাদের সামনের বেঞ্চে বসার নির্দেশ দেন। এরপর পর্যায়ক্রমে যাদের রোল নাম্বার তাদের বসতে বলা হয়। ঘটনার দিন দুপুর ১টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন সপ্তম শ্রেণির ক্লাস নিতে এসে দেখেন রোল নাম্বার ১৬ ইসরাত জাহান রিমু সামনের বেঞ্চে বসে আছে।
পরে তিনি তাকে পিছনের বেঞ্চে গিয়ে বসতে বলেন। কিন্তু রিমু তাতে অপারগতা প্রকাশ করলে শিক্ষক বেলায়েত হোসেন মাপকাঠি (এস্কেল) দিয়ে রিমুকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় শ্রেণি কক্ষে উপস্থিত অন্য ছাত্রীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করে কক্ষ থেকে বের হয়ে যায়।
সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয়ে স্কাউটের একটি অনুষ্ঠান থাকায় আমরা বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। পরে সপ্তম শ্রেণির ছাত্রীরা বিষয়টি আমাদের জানালে আমরা আহত ছাত্রী রিমুকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করি।’
তিনি আরো জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কৃর্তপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল