গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হায়দার আলি (৩৫), লিমু শেখ (১৯) ও সঞ্জয় ঢালী (২৮)। এদের বাড়ি সদর উপজেলার কুয়াডাঙ্গা ও ঘোষেরচর গ্রামে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় মান্দারতলা এলাকায় রাস্তার ওপর নষ্ট হওয়া পিকআপ মেরামতকালে দ্রুতগামী একটি ট্রাক গাড়ির মেরামতকাজে নিয়োজিত চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক হায়দার আলি। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাড়ির মিস্ত্রি লিমু শেখ। আহত সঞ্জয় ঢালীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় মারা যান তিনি।

অপর আহত শামীম মোল্লা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *