বিডি নিউজ ৬৪: জোয়ারের পানিতে ফেরিঘাটের দুই পাড় তলিয়ে যাওয়ায় চাঁদপুরের মতলব ফেরিঘাট অচল হয়ে পড়েছে। ফলে শতাধিক যানবাহন ফেরির দু’পাড়ে আটকা পড়ছে। দিনে দু’বেলার জোয়ারে কমপক্ষে ৬ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় জানায়, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে কয়েক দিন ধরেই পানি বাড়ছে। গত মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৫টায় হঠাৎ পানির চাপে ফেরি ঘাটের দুই পাড় তলিয়ে যায়।
বুধবার রাতে মতলব ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাট এলাকা ৪ ফুট পানির নিচে তলিয়ে আছে। এ সময় ঘাটের দু’পাশের সড়কে আটকে ছিল অর্ধ শতাধিক যানবাহন। মতলব-দাউদকান্দি, মতলব-চাঁদপুর, মতলব-নারায়ণগঞ্জ ও মতলব-ঢাকা সড়কপথে চলাচলকারী এসব যানবাহন ফেরি পার হতে না পারায় আটকা পড়ে।
ঢাকার পোশাক ব্যবসায়ী মো. শাহ আলম জানান, তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে। ঢাকা থেকে গাড়ি নিয়ে এই পথে বাড়ি যাচ্ছেন। বুধবার রাত ৮টা থেকে কয়েক ঘণ্টা ধরে ফেরিঘাটে আটকে ছিলেন।
চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দত্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল