মোস্তাফিজের অস্ত্রোপচার, সিদ্ধান্তহীনতায় বিসিবি

বিডি নিউজ ৬৪: বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজের কাঁধের ইনজুরি সারাতে অস্ত্রোপচার কোথায় করানো হবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায়- সেটা নির্ধারণ করতে আরও সময় লাগবে বলে মনে করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশেষ করে ডাক্তারদের সূচি পাওয়া নিয়েই তৈরি হয়েছে নতুন জটিলতা। এই জটিলতা কাটাতে অপেক্ষা করা ছাড়া কোন উপায়ও খোলা নেই বিসিবির সামনে। কারণ, মঙ্গলবার ম্যানচেস্টারে কাঁধের বিশেষজ্ঞ লেনার্ড ফ্রাঙ্ককে দেখিয়েছেন মোস্তাফিজ।

বুধবার বিকেলে বেক্সিমকো কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘২২ আগস্টের আগে লেনার্ড ফ্রাঙ্ক সময় দিতে পারবেন না। ফলে ইংল্যান্ডে অন্য যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন মোস্তাফিজ, সেই টনি কোচার নাকি অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছে অস্ত্রোপচার করানো হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।’

এ বিষয়ে নাজমুল হাসান আরো বলেন, ‘গ্রেগ হয়ের কাছে সময় চাওয়া হয়েছে। যদি তার কাছে আরও আগে অস্ত্রোপচার করানো যায়, তাহলে মোস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়া পাঠানো হবে। আর যদি গ্রেগ হয়ও সময় দিতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত লেনার্ড ফ্রাঙ্কের কাছেই অস্ত্রোপচার করানো হবে।’

আর তাই এখন শুধু অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছ থেকে ফিরতি বার্তা পাওয়ারর অপেক্ষা। এরপরই মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার সম্পর্কে চূড়ান্ত  সিদ্ধান্ত নিতে পারবে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *