বিডি নিউজ ৬৪: জেলারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তর করার চলমান প্রক্রিয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শেরপুরে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ শেরপুর শাখার আহ্বানে ৩ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের মেইন গেটসহ অফিসের বিভিন্ন সেক্টরে তালা ঝুলিয়ে দেয়।
এব্যাপারে বিদ্যুৎ লীগ শেরপুর শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্বেও এটিকে কোম্পানি করার প্রক্রিয়া চলছে। যা আমরা কোনো ভাবেই মেনে নিবনা।
এবিষয়ে শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, আমাদের রাজশাহী ও রংপুর বিভাগ কোম্পানি হয়ে গেছে। আমরা চাই সরকারের অংশ হিসেবে আরো ভাল করে সাধারণ জনগণকে সেবা দিতে। আর সেকারণেই সিবিএ নেতাদের আন্দোলনে আমাদের সম্মতি রয়েছে। তবে জরুরী সেবা অব্যাহত থেকে এ আন্দোলন চলমান থাকবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল