ইন্টারনেট-ফোন বন্ধের সফল মহড়া অনুষ্ঠিত

বিডি নিউজ ৬৪: রাজধানীর রমনা এলাকায় ইন্টারনেট- ফোন বন্ধের সফল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই মহড়া পরিচালনা করে।

০১ আগস্ট মধ্যরাতে ৩০ মিনিট চারটি ইউআরএল ( ইউনিফর্ম রিসোর্স লোকেটর) এবং অন্যান্য ইন্টারনেট ডাটা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি)।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণসংযোগ পরিচালক সরওয়ার আলম বলেন, এই মহড়ায় সকল আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে), আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), ওয়াইম্যাক্স (ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস) এবং মোবাইল ফোন অপারেটরগুলো অংশ নেয়।

মহড়ার সময় কনটেন্ট, ভয়েস কল এবং ডাটা (ইন্টারনেট সার্ভিস) বন্ধ রাখা হয় বলে জানান তিনি। তবে কনটেন্টগুলোর নাম বলেননি তিনি।

এই মহড়া সফল হয়েছে দাবি করে বিটিআরসি‘র ওই কর্মকর্তা বলেন, জরুরি পরিস্থিতিতে ডাটা ও টেলিযোগাযোগ সেবা বন্ধের এটি একটি সফল অভিজ্ঞতা। মধ্যরাতের ওই সময়ে গ্রাহকদের কোন ক্ষতি হয়নি। নির্দেশনার পর ১০ মিনিটের প্রস্তুতির পরই ৩০ মিনিট আইআইজিগুলো চারটি ইউআরএল এবং সকল আইএসপিদের ডাটা বন্ধ রাখে। পরবর্তী ই-মেইলে তাদের চালু করার কথা জানায় বিটিআরসি।

বিটিআরসি এবং আইএসপিগুলো জানায়, একটি সংবাদপত্রের অনলাইন ভার্সনের একটি ইউআরএল, একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বাংলা ভার্সনের একটি ইউআরএল, একটি পর্ন সাইট এবং অপর একটি ডোমেইন বন্ধ রাখা হয়েছিল।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, রমনায় বিটিআরসি ভবনে মধ্যরাতে একটি বিশেষ টিম মহড়া পর্যবেক্ষণ করেন।

রমনা এলাকায় মহড়ায় অংশ নেওয়া একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের এক কর্মী বলেন, গভীর রাতে ওই মহড়াটি হয়েছিল।জননিরাপত্তা নিশ্চিত ও জঙ্গিবিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেল থেকে মধ্যরাতের যেকোনো সময় কিছু এলাকায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ রাখার প্রস্তুতি হিসেবে এই মহড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

রাজধানীর রমনা ছাড়াও মতিঝিল, মোহাম্মদপুরের লালমাটিয়া এবং উত্তরা থার্ড ফেইজ এলাকায় এই মহড়া চালানোর কথা মোবাইল ফোন অপারেটর এবং আইএসপিদের জানানো হয়।

বিটিআরসির হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জরুরি সেবাদান এলাকাগুলো বাদ রেখে এই মহড়া চালানোর কথা আগেই জানিয়েছিল বিটিআরসির সচিব সরওয়ার আলম। বর্তমানে দেশে ২৭টি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান এবং ৪৯০টি আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *