বিডি নিউজ ৬৪: ‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন বর্তমান সময়ে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাও বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে! সেসময় বক্স অফিসে তুমুল হিট করে ছবিটি। এরপর একেএকে শাহরুখের সঙ্গে জুটি বেধে চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার-এর মত হিট সিনেমা উপহার দেন দীপিকা। বক্স অফিসে ফের ঝড় তুলতে এবার প্রখ্যাত নির্মাতা আনন্দ এল রায়ের নির্দেশনায় আসছে এই জুটি!
বলিউডের প্রখ্যাত নির্মাতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘তনু ওয়েডস মনু’-এর আনন্দ এল রায়ের আসন্ন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান। তবে তার বিপরীতে নায়িকা নিয়ে চলছিল গুঞ্জন। প্রথমে যদিও শাহরুখের বিপরীতে শোনা গিয়েছিল ‘যাব তাক হ্যায় জান’-এ শাহরুখের রোমান্স সঙ্গী ক্যাটরিনা কাইফের নাম। কিন্তু পরবর্তীতে এমন গুঞ্জন অস্বীকার করেন স্বয়ং নির্মাতা। তার দাবী, এই ছবিতে ক্যাটরিনাকে নিতে কোনো আলাপই হয়নি।
আর এরপরই শোনা যাচ্ছে, ক্যাটরিনা নয়। আনন্দ এল রায়ের পরবর্তী সিনেমায় শাহরুখের রোমান্স সঙ্গী হচ্ছেন দীপিকাই। যদি এই সিনেমায় শাহরুখের বিপরীতে দীপিকা শেষ পর্যন্ত অভিনয় করেনেই তাহলে তা হবে চতুর্থবারের মত! যদিও নির্মাতার ঘনিষ্ঠসূত্র দীপিকার অভিনয়ের বিষয়টি প্রায় নিশ্চিতই করেছেন।
আনন্দের এই ছবিতে শাহরুখকে দেখা যাবে বামনের চরিত্রে। এমন তুখোড় চ্যালেঞ্জটি নিতে এরইমধ্যে প্রস্তুত শাহরুখ। এরইমধ্যে এই চরিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণাও করেছেন।
শাহরুখ-দীপিকার অভিনয়ের বিষয়টি রীতিমত চূড়ান্ত হলেও আনন্দ এল রায় এখনো তার আসন্ন সিনেমার নাম ঘোষণা করেননি। তবে এটা নিশ্চিত যে ছবির মূল চরিত্র শাহরুখকে ‘বামন’ বানানোর সব পরিকল্পনায় করে রেখেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নাকি এই ছবিতে প্রায় ৬ ফুট দীপিকার বিপরীতে শাহরুখকে হতে হবে মাত্র তিন ফুট!
প্রসঙ্গত, শাহরুখকে বামন বানাতে প্রযুক্তিমুখো হচ্ছেন নির্মাতা। এরইমধ্যে নাকি হলিউডের নামিদামি ভিএফএক্স স্পেশালিস্টদেরও পরামর্শ নিয়েছেন আনন্দ এল রায়। আর সেখান থেকেই এইসব প্রযুক্তিবীদদের নিয়ে আসছেন বলিউডে। যারা ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটন’-এ রূপ পাল্টে দিয়েছিল বিখ্যাত অভিনেতা ব্রেট পিটের। এখন শুধু অপেক্ষা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল