৬ আগস্ট জামালপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের জন্য ৬ আগস্ট (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরে আসছেন। জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, বন্যায় জামালপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। এসময় তার ত্রাণ বিতরণ করার কথাও রয়েছে। এবারের বন্যায় জামালপুরের ৭টি উপজেলার ৪৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ পর্যন্ত এ জেলার পানিতে ডুবে এবং সাপের ছোবলে ২৪ জনের প্রাণহানি ঘটেছে।

১৯৮৮ সালের চেয়েও ভয়ঙ্কর এ বন্যায় ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। ১৯৮৮ সালের বন্যায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানির স্তর ছিল ১১২ সেন্টিমিটার। সরকারি হিসাব মতে এবারের বন্যায় ৪ লাখ ১২ হাজার ৫৭০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বাস্তবে এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ইসলামপুর উপজেলার পার্থশী, সাপমারী, চিনাডুলী ও বেলগাছা। এ এলাকায় প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *