সাভারে নদীতে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: সাভারে তুরাগ নদীর বিরুলিয়া সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুজনের লাশ পাওয়া যায়। ওই দুই যুবক হলেন গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর বারিন্ডা এলাকার অলিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলী মোল্লার ছেলে মিনহাজ মোল্লা (১৮)।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ২৫ থেকে ৩০ জনের একটি দল ট্রলারে করে পিকনিকে বিরুলিয়া সেতু এলাকায় যান। সেখানে গোসল করতে নেমে হাবুডুবু খান মিনহাজ। এক পর্যায়ে  নদীর প্রবল স্রোতে ভেসে যান তিনি। তাকে বাঁচাতে নেমে মিজান নামে অপর একজন পানিতে ঝাঁপ দেন। পরে তিনিও নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল রাতে ৩ ঘণ্টা অভিযান চালান। কিন্তু নিখোঁজ দুজনের হদিস না পেয়ে অভিযান বন্ধ রাখা হয়। আজ সকালে প্রথমে মিনহাজের লাশ ভেসে ওঠে। এর আধা ঘণ্টার ব্যবধানে  ভেসে ওঠে মিজানের লাশ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। সাভার মডেল থানার বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ মিয়া লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *