ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

বিডি নিউজ ৬৪: উত্তর কোরিয়া ফের একটি ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার উর্ধ্বতন এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছে পিয়ংইয়ং।

বুধবার স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার সাউথ হাওয়ানঘেই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি উপদ্বীপের ১ হাজার কিলোমিটার ওপর দিয়ে উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষিপ্ত হয় বলে সিএনএন জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এটিকে রোডং ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়াকে এ জাতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রাখতে গত মার্চে একটি প্রস্তাব গ্রহণ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটি। এর আগে গত ১৯ জুলাই পূর্ব উপকূলে আরো তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। স্কুড বা রোডং জাতের ওই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ৫শ থেকে ৬শ কিলোমিটার উঁচুতে উঠতে পারে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র জেয়ন হা গুইউ বলেছেন।

এদিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান। কেননা জাপান সাগরে এটি তাদের জলসীমায় গিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে তার দেশের জন্য ‘বিরাট হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়ে বলেছেন, টোকিও এর ‘কড়া জবাব’ দেবে।

উত্তর কোরিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে গোটা কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ক্রমেই উপরের দিকে উঠছে। তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাব দিতে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় এন্টি মিশাইল সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ায় বর্তমান নেতা কিম জং উন ক্ষমতায় আসার পর থেকেই দেশটির ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০১১ সালের ডিসেম্বর মাসে। সেই হিসেবে গত সাড়ে ৪ বছরে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। এ দাবি দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তার। দেশটি তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তারা এখন পর্যন্ত মাত্র দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *