বৃষ্টির পরে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

বিডি নিউজ ৬৪: জ্যামাইকার কিংস্টনে অবস্থিত স্যাবিনা পার্কে চলমান টেস্টে বৃষ্টির বাজিমাত চলছেই। চতুর্থ দিনে মাঠে খেলা গড়িয়েছে মাত্র ১৫.৫ ওভার। এর মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ ৪৮ রান। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে ক্যারিবিয়রা। আরেকটি ইনিংস হারের লজ্জাও সঙ্গী হতে পারে তাদের।

দ্বিতীয় ইনিংসে ৩০৪ রানে পিছিয়ে থেকে মঙ্গলবারের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির খপ্পরে পড়া ম্যাচটিতে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন স্বাগতিকদের টপঅর্ডারের ব্যাটসম্যানরা। ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথমে আঘাত হানেন ইশান্ত শর্মা। ভারতের এই পেসারের শিকার হয়ে সাজঘরে ফেরেন রাজেন্দ্র চন্দ্রিকা (১)।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই জুটিতে ৩৬ রান দলের স্কোরশিটে যোগ করেন ক্রেইগ ব্রেথওয়েট ও ড্যারেন ব্রাভো। অমিত মিশ্রর স্পিন ঘূর্ণিতে কাবু হওয়া ব্রেথওয়েট করেছেন ২৩ রান। আর দলের অন্যতম ভরসার প্রতীক ব্রাভোর ব্যাট থেকে আসে ২০ রান। তাকে প্যাভিলিয়নের পথ দেখান মোহাম্মদ সামি।

মারলন স্যামুয়েলসকে রানের খাতাই খুলতে দেননি ওই সামি। দুর্দান্ত এক ডেলিভারিতে স্যামুয়েলসকে সরাসরি বোল্ড করেন ভারতীয় তারকা বোলার। ভারতের পক্ষে ২৫ রান খরচায় ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের সেরা বোলার সামি। একটি করে উইকেট নিয়েছেন অমিত মিশ্র ও ইশান্ত শর্মা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯৬ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বিরাট কোহলির  দল এগিয়েছিল ৩০৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *