বিডি নিউজ ৬৪: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম এখনো সন্দেহমুক্ত নন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। গত ১ জুলাই গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি এখন নিজ বাসায় আছেন বলে পুলিশ জানালেও স্বজনরা মুখ খুলছেন না।
মঙ্গলবার (২ আগস্ট) পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানালেন সেই হাসনাত এখনো সন্দেহমুক্ত নন।
আইজিপি বলেন, ‘ওই ঘটনার পূর্বে তার যে রেকর্ড এবং ওই ঘটনার দিন তার যে আচরণ- সবগুলো সন্দেহের মধ্যে আছে, সে সন্দেহমুক্ত নয়। তার বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স (বস্তুনিষ্ঠ প্রমাণ) আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। সে আমাদের নলেজে আছে। যখনই আমাদের মনে হবে তাকে কাস্টডিতে নেয়া দরকার তখন আমরা নিতে পারব।’
গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জিম্মিদশা থেকে জীবিত উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম। ঘটনার পরপরই ফেসবুকসহ সামাজিক নানা যোগযোগ মাধ্যমে তার কিছু সন্দেহজনক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কিছু স্থানে তাকে জঙ্গিদের সহযোগিতা করার ভঙ্গিতে দেখা গেছে। পরে হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়।
তবে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসনাতকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু পরিবারের কাছে হাসনাত করিমের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হতে তার বাবা রেজাউল করিমের কাছে ফোন দেয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল