রিওতে পরিকল্পনার চেয়ে বেশি পুলিশ মোতায়েন

বিডি নিউজ ৬৪: আসন্ন অলিম্পিক গেমসে ব্রাজিলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ অভিযোগ করছে। তাই পরিকল্পনার চেয়ে আরো বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করবে রিও ডি জেনিরো রাজ্য সরকার। সোমবার মিলিটারি পুলিশের জেনারেল কমান্ডার এডিসন দুয়ার্তে জানিয়েছেন যে আরো ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে।

অলিম্পিক পার্ক, অ্যাথলেট ভিলেজ ও অধিকাংশ অলিম্পিক ক্রীড়া এলাকার পার্শ্ববর্তী বারা ডা টিজুকায় বেশির ভাগ পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে তারা জানিয়েছেন।

ইতোমধ্যে রিও ডি জেনিরো শহরে ৮৫ হাজার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে রিও রাজ্য সরকারের পুলিশ, ব্রাজিলিয়ান আর্মড ফোর্ড, নৌবাহিনী ও রাজ্যের বাহিরের পুলিশ সমগ্র শহরে টহল দিবে।

জেনারেল দুয়ার্তে জানিয়েছেন, পুলিশের জন্য আরো তিন হাজার যানবাহন ব্যবহার করা হবে। এছাড়া স্পষ্ট ছবি ধারণ করতে  বিমানের মতো তিনটি বড় বেলুন থাকবে।

আগামী ৫ আগস্ট অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে। তার আগে দর্শকদের ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা শঙ্কা কাটাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার।

এদিকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক মার্কিন বাস্কেটবল এসোসিয়েশনের নির্বাহী ডেভিড কান বলেছেন, ‘টিভি স্বত্ত্ব ও টিকেট থেকে যে আয় হচ্ছে তার চেয়ে নিরাপত্তা খরচ বেশি হচ্ছে। আধুনিক যুগে যত অলিম্পিক হচ্ছে, সেগুলোর মধ্যে এটা এখন পর্যন্ত সবচেয়ে দুঃখজনক হিসেবে প্রতীয়মান হয়েছে।’

অলিম্পিকের প্রধান থমাস বাচ বলেছেন যে রিও নিরাপত্তার বিষয় তার পূর্ণ বিশ্বাস আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *