বিডি নিউজ ৬৪: জেলার আড়াইহাজার উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পেটানোর পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সালমা আক্তার (৩০)। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আমানউল্লাহ মিয়ার মেয়ে। হালিমা (৮) ও সোহানা (৩) নামে সালমার ২টি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে হালিমা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
সালমার বাবা আমানউল্লাহ জানায়, একই এলাকার মধ্যে সালমার বিয়ে দেন তিনি। বিয়ের পর থেকেই সালমার স্বামী সোহেল নেশাগ্রস্ত হয়ে মেয়ের ওপর নির্যাতন চালাত। সে সারাদিন নেশাগ্রস্ত হয়ে থাকত এবং কোনো কাজকর্ম করত না। সোহেল প্রায়ই সালমার কাছে নেশার টাকা চাইত। টাকা দিতে না পারলেই চালানো হত নির্যাতন। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস বসিয়ে স্বামী সোহেলের বিচার করা হয়।
ঘটনার দিন সোমবার রাত ২টার দিকে সোহেল শ্বশুর আমানউল্লাহকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে ঘরের বাইরে পরে আছে, এসে দেখে যান। নিত্য দিনের মতো ঘটনা মনে করে আমানউল্লাহ মেয়ের বাড়িতে যাননি। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা খবর দেয় যে, সালমার লাশ স্বামী সোহেলের ঘরের বাইরে পরে আছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ও গলায় আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বামী সোহেল ও তার পরিবারের সকলে পালিয়ে গেছে। এ ঘটনায় সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল