অবশেষে বিগ ব্যাশে নাম লেখালেন জনসন

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন গত বছর। আর এই মৌসুমে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে মিচেল জনসনের। অস্ট্রেলিয়ার এই দুর্ধর্ষ বাঁ হাতি ফাস্ট বোলার যোগ দিয়েছেন পার্থ স্কচার্সে।

প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষুধাটা ভেতর থেকে হারিয়ে ফেলেছেন ৩৪ বছরের জনসন। তাই মাঠের খেলা আর তেমন উপভোগ করেন না। সেই কারণেই অবসরে চলে যাওয়া। ক্যারিয়ারে ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট ১৩২টি। অবসরের পর গেলো আইপিএলে তিনটি ম্যাচ খেলেছিলেন। টি-টোয়েন্টিতে তার ২৫.১০ গড় এখনো এগিয়ে রাখে অন্যদের চেয়ে।

নিজের ফেরার প্রসঙ্গে জনসনের ভাষ্য, “আসলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবো ভেবে রোমাঞ্চিত আমি। বিগ ব্যাশ সম্পর্কে আমাকে অনেকে অনেক কিছু বলেছে। এটা শুধু দর্শকের দৃষ্টিকোণ থেকে না, খেলোয়াড়ের দিক দিয়েও ভালো হয়ে উঠেছে।”

২০১৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার জনসন যে বড় দর্শক টানবেন তা অনুমান করা যায়। আধুনিক যুগে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় বোলার জনসন। ৭৩ টেস্টে তার ৩১৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৩-১৪ হোম অ্যাশেজে নিয়েছিলেন ৩৭ উইকেট। ১৫৩ ওয়ানডে খেলে শিকার করেছেন ২৩৯ উইকেট। পার্থে তরুণ বোলারদের সাথেও কাজ করতে চান জনসন। ভবিষ্যৎ টার্গেট কোচিং। সেদিকে এগিয়ে যেতে চান এখান থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *