বিডি নিউজ ৬৪: ভারতের রাজধানী দিল্লিতে আবারো ঘটেছে নির্মম এক ধর্ষণের ঘটনা। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে তার মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে ধর্ষকরা। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে দুই ধর্ষক। এরপর ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার পর তার মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা।
বৃহস্পতিবার নিজের বাড়ি থেকেই মেয়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন ধর্ষিতার মা। পুলিশ প্রথমে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করেছিল। তবে মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
ওই কিশোরীর এক বান্ধবী পুলিশকে জানিয়েছে, দুই প্রতিবেশি যুবক বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিল মেয়েটিকে। তারা মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলেও দাবি তার বান্ধবীর। তার তথ্যের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে ধর্ষণ করে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর তার দেহটিকে ঘরের মধ্যে রেখেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুই অভিযুক্ত। এর আগে গত মাসে আরেক কিশোরীর ধর্ষণের ঘটনায় তোলপাড় পড়ে যায় দিল্লিতে। ১৪ বছরের এক কিশোরীকে জোর করে অ্যাসিড খাইয়ে বারবার ধর্ষণ করে ধর্ষক। ২৬ জুলাই তার মৃত্যু হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল