তারেকের রায় ত্রুটিপূর্ণ দাবি হান্নানের

বিডি নিউজ ৬৪: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় যে সাজা হয়েছে তা ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ওই রায় ত্রুটিপূর্ণ। তাই জনগণকে সঙ্গে নিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তারেক রহমানকে খালাস করে আনা হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবছর কোটি কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। এবারও ঈদের আগে ১৫ দিনে ভারত প্রায় দেড় লাখ বাংলাদেশিকে ভারত যাওয়ার ভিসা দিয়েছে। গড়ে প্রত্যেকে ৩০ হাজার টাকা করে নিয়ে গেলে তাতে ৪০০ কোটি টাকার বেশি ভারতে গেছে। আপনাদের কোমরে জোর থাকলে ভারতে যে টাকা পাচার হচ্ছে তা ফিরিয়ে আনুন। পাচার বন্ধ করুন।’

গুলশান, কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘এসব ঘটনা নিয়ে জনগণের মনে অনেক প্রশ্নে উঠেছে। তা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। আমিও সেনাবাহিনীতে ছিলাম। সন্ত্রাসী, জঙ্গিদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি। আমাদের মধ্যে পেশাদারিত্ব ছিল। সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও কাউকে ক্রসফায়ারে দিইনি। তাই এসব অভিযান নিয়ে যারা মামা, খালা বলে প্রমোশন নিয়েছে তাদের কৃতিত্ব নেয়ার কিছু নেই। যদি কেউ এসব অভিযানের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক করতে চায় আমি এ নিয়ে যেকোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি।’

সরকারকে দিয়ে জঙ্গি নির্মূল হবে না-এমন দাবি করে হান্নান শাহ বলেন, ‘এদের দিয়ে হবে না। কারণ সরকার সন্ত্রাসী ও জঙ্গিদের আশ্রয় দেয়। বেগম খালেদা জিয়া জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সেখানে আওয়ামী লীগসহ সবাইকে নিয়ে জাতীয় কনভেনশন করে এজন্য কী কী করণীয় তা নিয়ে আলোচনা করতে চাই।’

বাংলাদেশে ভারতীয়, রাশিয়ান বা আমিরেকান আগ্রাসী সৈন্য আসলে তা বরদাস্ত করা হবে না উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘যদি আগ্রাসী সৈন্য আসে তাহলে তাদের বুলেট দিয়ে খতম করার জন্য প্রস্তুত আছি।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচার মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে হাইকোর্টের রায়ে তাকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়।

উচ্চ আদালতের এই রায়ের প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিবাদ সভা করে স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের সভাপতি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *