ট্রাম্পকে পড়তে বলা সেই ‘সংবিধান বই’ এখন বেস্টসেলার

বিডি নিউজ ৬৪: ডোনাল্ড ট্রাম্পকে শাসিয়ে নিহত মুসলিম সেনার বাবা যে পকেটবই সংবিধানটি দেখিয়েছিলেন ডেমোক্র্যাটিক কনভেনশনে সেই বইটি এখন সবচেয়ে বেশি বিক্রিত বইয়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শাসিয়ে বক্তব্য দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীর এক মুসলিম সেনার বাবা। তিনি পকেট থেকে মার্কিন সংবিধানের যে ক্ষুদ্র সংস্করণটি বের করে ট্রাম্পকে পড়তে বলেছিলেন সেটা এখন বেস্ট সেলার।

ইরাক যুদ্ধে নিহত ঐ মুসলিম আমেরিকান সেনা হুমায়ুন খানের বাবা খিজির খান তার স্ত্রীকে সাথে নিয়ে সম্মেলনে বক্তৃতা দেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তার ছেলে মুসলিম এবং সে দেশের জন্য জীবন দিয়েছে। কিন্তু ট্রাম্প কি করেছে? তিনি পকেট থেকে সংবিধান বই বের করে ট্রাম্পকে সেটা পড়তে বলার পরামর্শ দেন।

এই ঘটনা  খুব সম্ভবত সমস্ত মার্কিনীর মনেই দাগ ফেলেছে। কারণ অনেকেই নিশ্চয়ই সংবিধান পড়েন নি। যে কারণে খিজির খানের বক্তব্যের পরপর মার্কিন সংবিধানের এই পকেট সংস্করণের বিক্রি বেড়ে গেছে আচমকা। এটা এখন দেশটির বেস্টসেলার তালিকায় ঠাঁই পেয়েছে।

অনলাইন বিকিকিনি সাইট অ্যামাজনে বইটির দাম ১ ডলার। সপ্তাহান্তে ১০টি বেস্টসেলার বইয়ের তালিকায় ছিল এই বইটি। ৫২ পৃষ্ঠার এই বইয়ে মার্কিন সংবিধানের পাশাপাশি রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রও।

ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে খিজির খানের এই বক্তব্যের পর যথারীতি পাল্টা আক্রমণ করেছে ট্রাম্প। কিন্তু এই প্রথম পাল্টা আক্রমণ করে আরও বিপত্তিতে পড়েছে ট্রাম্প। খিজির খান ও তার স্ত্রীকে অপমান করে কথা বলাটা ভালো ভাবে গ্রহণ করেনি এমনকি ট্রাম্পের দলের লোকজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *