জঙ্গিরা ইসলাম ধর্মের কেউ না : ঢাবি উপাচার্য

বিডি নিউজ ৬৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা জঙ্গিবাদের সাথে জড়িত, তারা মানুষ নয়, এরা অমানুষ।’

সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে এ কথা বলেন। গুলশানে হামলার একমাস পূর্তিতে জঙ্গিবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। মানববন্ধনটি টিএসসি থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত গিয়ে শেষ হয়।

জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘১৬ কোটি মানুষের এই দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত এবং ইন্ধনদাতা, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।’

উপাচার্য বলেন, ‘যারা ইসলাম ধর্মের নামে হত্যা চালায়, তারা ইসলাম ধর্মের কেউ না। এ জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, পরিবার থেকে তাদের ধিক্কার জানানোর মাধ্যমে প্রমাণিত হয়; আজকের সমাজে এদের কোনো স্থান নেই। যার উজ্জ্বল দৃষ্টান্ত গত ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও আজকের দেশব্যাপী মানববন্ধন।’

গুলশানে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ’৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল, তাদের দোসররাই ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ অ্যান্ড বেকারিতে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *