বিডি নিউজ ৬৪: চলতি বছরেই জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে আবেদন করেছিল ভারত। তাতে নিরাপত্তা পরিষদে স্থায়ী একটা আসন পাওয়ার স্বপ্নও দেখেছিল দেশটি। তবে সংস্থাটির সাধারণ সভা শেষে ভারতের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে।
সাধারণ পরিষদের এবারের আলোচনাতেও ভারতকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কার নিয়ে পরবর্তী অধিবেশনে আরো আলোচনা প্রয়োজন বলে মত দিয়েছে সাধারণ পরিষদ। চলতি অধিবেশনে ফলাফল না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে ভারত, জার্মানি, ব্রাজিল ও জাপানের সম্মিলিত ‘জি-ফোর’ গোষ্ঠী। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পাওয়ার ক্ষেত্রে পরস্পরের দাবিকে এই চারটি দেশ সমর্থন করে।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জি ফোর বলেছে, ‘জাতিসংঘের ৭০তম বর্ষপূর্তিতেও এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সংস্থাটি কোনো ঐকমত্যে পৌঁছতে পারল না। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।’ পরে জি-ফোর গোষ্ঠীর তরফে ব্রাজিলের রাষ্ট্রদূত আন্তোনিও দে আগুইয়ার প্যাট্রিওটা বলেন, ‘১৫ সদস্যের এই শক্তিশালী পরিষদের সংস্কার ও সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটা তুমুল প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে স্থির সিদ্ধান্তে পৌঁছনোর সময় হয়েছে। কিন্তু জাতিসংঘ সেই প্রত্যাশা পূরণ করল।’
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন শেষ হয়ে যাবে। ফলে এই অধিবেশনে আর ভারতের আশা পূর্ণ হবে না। সেপ্টেম্বরেই পরবর্তী অধিবেশন শুরু হবে। তারপর বিষয়টি নিয়ে সদস্য রাষ্ট্রগুলি পরবর্তী আলোচনা চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সাধারণ পরিষদ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল