বিডি নিউজ ৬৪: ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলার সমালোচনা করেছিলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার ফ্রাঙ্ক রিবেরি। তা সত্ত্বেও এই ফুটবলারকে অনেক ভালোবাসেন বলে জানিয়েছেন স্প্যানিশ কোচ।
এ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটির দায়িত্ব নেয়ার আগে তিন বছর বায়ার্ন মিউনিখে ছিলেন গার্দিওলা। একবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও টানা তিনবার বুন্দেসলিগার শিরোপা জিতেছিলেন।
জার্মান ক্লাবে দীর্ঘ সময় দায়িত্ব পালনে সবাই তার উপর যে খুশি ছিল না- তার প্রমাণ পাওয়া গিয়েছিলেন রিবেরি কথায়। কয়েক দিন আগে ফ্রান্সের জাতীয় দলের এই তারকা গার্দিওলার সমালোচনা করেছিলেন। সাবেক বার্সেলোনা কোচের অভিজ্ঞতায় অনেক ঘাটতি আছে বলে মন্তব্য করেছিলেন।
বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে রিবেরি বলেছিলেন, ‘ম্যানেজার হিসেবে পেপ দীর্ঘ দিন কাজ করেননি। তিনি অনেক তরুণ কোচ। তার অভিজ্ঞতায় অনেক ঘাটতি আছে। মাঝে মাঝে তিনি অনেক বেশি কথা বলেন। ফুটবল অনেক সাধাসিধে খেলা।’
রিবেরি মনে করেন, গার্দিওলার তার উপর কম বিশ্বাস করতেন। বায়ার্নের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি তাকে অনেক বেশি বিশ্বাস করেন।
বায়ার্নের এই ফুটবলারের কথায় ক্ষেপে যাননি গার্দিওলা। তিনি জানিয়েছেন যে ফ্রান্সের এই খেলোয়াড়ের বিষয় তার কোনো বাজে ধারণা নাই। সংবাদ সম্মেলনে ম্যানসিটির বর্তমান কোচ বলেন, ‘রিবেরি সম্পর্কে আমি যেটা অবশ্যই বলব সেটা হচ্ছে, তাকে আমি অনেক ভালোবাসি। এটা ভালো যে রিবেরি আমাকে বলেছেন যে আমি খুবই তরুণ। আমি এখানে এসেছি শেখার জন্য।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল