স্বাভাবিক জীবনে ফেরায় আত্মসমর্পণকারী ৬ বনদস্যুর জামিন

বিডি নিউজ ৬৪: সরকারের কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় আত্মসমর্পণকারী সুন্দরবনের মাস্টার বাহিনীর ১০ বনদস্যুকে জামিন দিয়েছেন আদালত। তবে আরো মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বাহিনী প্রধানসহ বাকি ৪ জন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মো. ফজলুল হক এসব বনদস্যুদের জামিন দেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট কারাগার থেকে তারা মুক্তি পান।

অস্ত্র আইনে করা এ মামলায় মাস্টার বাহিনীর আত্মসমর্পণকারী সবার জামিন হলেও বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন, সুমন সরদার এবং মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় তারা কারাগার থেকে মুক্তি পাননি।

জামিনপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার ইসমাইল খাঁনের ছেলে মো. সুলতান খাঁন, একই এলাকার আহাদ আলী শেখের ছেলে মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সফরুল শেখের ছেলে সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার মো. মতলেব শেখের ছেলে শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও একই এলাকার আসাদুল ইসলাম কোকিল।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে আজাদ ফিরোজ টিপু জানান, গত ৩১ মে মংলায় বন্দরের বিএফডিসির জেটিতে ৫২টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদসহ বাহিনীর প্রধান কাদের মাস্টারসহ ১০ বনদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। অস্ত্র ও গোলাবারুদ ত্যাগ স্বাভাবিক জীবনে ফিরে আসায় আদালত তাদের প্রতি সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *