তারেককে সাজা দিয়ে নিস্তার পাবেন না- প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার তারেক রহমানকে বাধা মনে করে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের মতো কিছু লোককে সাজা দিয়ে আপনি (শেখ হাসিনা) নিস্তার পাবেন না।’

খালেদা-তারেককে সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

‘ভোটারবিহীন সরকার কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে দায়েরকৃত মুদ্রাপাচার মামলায় জজ আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমানের মতো খালেদা জিয়ারও সাজা হওয়ার আশঙ্কা ব্যক্ত করে গয়েশ্বর বলেন, ‘জনগণও বিশ্বাস করে, রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তারেকের বিরুদ্ধে এই রায়। তবে শুধু তারেক নয়, যত বাধা আছে সব বাধা একের পর এক সরিয়ে ফেলতে চায় বর্তমান অবৈধ সরকার। সুতরাং কত নেতার যে সাজা হবে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।’

এ প্রসঙ্গে হিন্দু ধর্মে দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংস বধের প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, ‘দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে কংসের মৃত্যু হবে, এমন দ্বৈববাণী পেয়ে বোনকে (দেবকী) কারাগারে রাখেন ভ্রাতা কংস। কিন্তু তাতেও নিস্তার পাননি তিনি। একে একে দেবকীর সাত সন্তানকে হত্যা করলেও অষ্টম সন্তানের (শ্রীকৃষ্ণ) হাতেই বধ হতে হয় কংসকে। তাই তো বলা হয়, ‘তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে।’ তবে তাকে আমিও চিনি না, আপনিও (হাসিনা) চেনেন না। সেই কারণে বলছি, গণতন্ত্রের পথে ফিরে আসুন।’

সরকারের স্বৈরাচারী মনোভাব নগ্ন থেকে নগ্নতর হচ্ছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্রের পথে ফিরে আসুন। গণতন্ত্রের পথে শত্রু চেনা যায়, শক্রকে ঘায়েল করা যায়, মোকাবিলাও করা যায়। আশা করব, নোংরা মরণখেলা বাদ দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসবেন। দেশটাকে বাঁচতে দেন, নিজেও বাঁচেন, আমাদেরকেও বাঁচতে দেন। আগামী প্রজন্ম যেন আমাদের চিতায় বা কবরে গিয়ে থুথু না দেয়, তারা যেন ভক্তিতে আমাদের স্মরণ করে- সেই পথটা খোলা রাখুন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন; যুগ্ম সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *