সেন্সর বোর্ডের কাঁচির নিচে ব্রেট লি’র রোমান্স

বিডি নিউজ ৬৪: সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে এমনিতেই সমালোচনার শেষ নেই ভারতে। ক’দিন আগেই শহীদ কাপুরের ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে রীতিমত আন্দোলনও দেখেছে বিশ্ব। অথচ সেই ঘটনার মাস যেতে না যেতেই আবারও সেন্সর বোর্ডের বাঁধার সম্মুখিন ইন্দো-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘আনইন্ডিয়ান’। যে ছবিতে প্রথমবার নায়ক হিসেবে দেখা যাবে বিখ্যাত অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।

আগস্টের প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলার ব্রেট লি’র প্রথম সিনেমা ‘আনইন্ডিয়ান’। অথচ একেবারে শেষ সময়ে এসে সমস্যায় পরতে হলো ছবির কিছু দৃশ্য নিয়ে। কারণ ছবিতে ‘অ্যাংরি ইন্ডিয়ান গডসেস’-এর অভিনেত্রী ভারতীয় তানিশথা চ্যাটার্জির সাথে ষাট সেকেন্ডের একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন ব্রেট লি। আর এই দৃশ্যটিই ছেঁটে ফেলতে নির্দেশ দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ডের বাঁধার মুখে এই দৃশ্যটি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা অনুপম শর্মা। তার দাবী ওই দৃশ্যটি ছবির গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে। প্রথম প্রেমে পড়লে দুইজন মানব মানবীর মধ্যে যে অনুভূতি হয় সে বিষয়টিই ওই দৃশ্যে শৈল্পিকভাবে উপস্থাপন হয়েছে। এখন সেন্সর বোর্ডের নির্দেশ মেনে যদি ওই দৃশ্য বাদ দেয়া হয় তাহলে দর্শককে বঞ্চিত করা হবে বলেও মনে করেন নির্মাতা।

উল্লেখ্য, আনইন্ডিয়ান’ ছবিটি মূলত একটি রোমান্টিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। অস্ট্রেলিয়ান একজন শিক্ষক উইলের সঙ্গে ভারতীয় একজন সিঙ্গেল মাদারের সম্পর্কের গল্প ‘আনইন্ডিয়ান’। যেখানে উইলের চরিত্রে দেখা যাবে ব্রেট লিকে, আর সিঙ্গেল মাদার হিসেবে দেখা যাবে চ্যাটার্জিকে। ছবিতে ব্রেট লি ও তানিশথা ছাড়াও অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও সুপ্রিয় পাঠক। এছাড়াও ভারতীয় ও অস্ট্রেলিয় অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *