বিডি নিউজ ৬৪: জঙ্গি-সন্ত্রাসীদের মদদদাতা বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্য করলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘দেশ জুড়ে যে জঙ্গিবাদি কর্মকাণ্ড পরিচালিত হয় তার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার মিত্র জামায়াত। সেই জঙ্গি-সন্ত্রাসীদের রক্ষার জন্য খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলছেন। শেয়ালের কাছে মুরগি বর্গা দিলে যেমন বাঁচবে না তেমনি জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্য করলে দেশ বাঁচবে না।’
জঙ্গি নির্মূলের আহবান জানিয়ে তিনি বলেন, ‘গুলশান-শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার সময় জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই তাদেরকে সহজেই মোকাবেলা করা গেছে। আমাদের মনে রাখতে হবে এরা নির্মুল হয় নি। যে কোন সময় আঘাত আসতে পারে। জঙ্গিরা যেমন আমাদের আঘাত করতে চায় তেমনি তাদের প্রতিঘাত করে ধ্বংস করে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলার ঘরে ঘরে জঙ্গিদের খুঁজে বের করে নির্মূল করা হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইডিইবির সভাপতি একেএম এ হামিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ইসমত কবীর ঘামা প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল