রিয়ালের হারে আলো শুধু মার্সেলো

বিডি নিউজ ৬৪: হঠাৎ যেন মাটিতে পড়ল চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদ। ২০১৬-১৭ মৌসুমের প্রতিযোগিতামূলক আসর শুরু হওয়ার আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের লড়াইয়ে হার দিয়ে যাত্রা শুরু করলো তারা। বুধবার রাতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৩-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে জিনেদিন জিদানের দল।

ইনজুরিতে থাকা দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই এদিন খেলতে নামে রিয়াল। ম্যাচটির প্রথমার্ধেই তিনটি গোল হজম করে তারা। এরপর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। আক্রমণভাগে যেন মন্দা লেগেছিল। যে কারণে ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে গিয়ে পেনাল্টিতে গোল করতে হয়েছে মার্সেলোকে!

দলের ফরোয়ার্ডের ভূমিকায় থাকা মোরাতা-হেসেরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। পারেননি নামের প্রতি সুবিচার করতে। রিয়ালের হারের মাঝে ‘আলো’ শুধু মার্সেলো। ৪৪ মিনিটে পিএসজির জাল কাঁপান এই ব্রাজিলিয়ান। এই গোলে হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

এর আগেই অবশ্য জয়ের মঞ্চটা প্রস্তুত করে রেখেছিল পিএসজি। খেলার দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানিয়ে সফলতা পেয়েছেন জনাথন ইকোনি। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ছুটে যান ফরাসি এই ফুটবলার। শেষ পর্যন্ত অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন তিনি। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন থমাস মেনিয়ার। খেলার ৩৫ ও ৪০ মিনিটে রিয়ালের জালে বল জড়ান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *