ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনই চুয়াডাঙ্গার

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের মহেশপুর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গার চারটি গ্রামে। এসব  বাড়িতে চলছে স্বজনদের কান্না। দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে পরিবারের স্বজনরা দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। চালক ও হেলপার পলাতক রয়েছে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আবুল হাশেম (২৫) ও মোস্তাক হোসেন (৫৫) এবং জীবননগর উপজেলার একতারপুর গ্রামের মহিউদ্দিন (৫১) , সেনেরহুদা গ্রামের মনজিল হোসেন (৩০) ও উথলী গ্রামের লিটন হোসেন (৩২) । আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সাত্তার (৫৫) এবং জীবননগরের উথলী গ্রামের লিটন আলী (৪০)।

বৃহস্পতিবার সকাল ১০টায় নিহত দামুড়হুদার কাদিপুর গ্রামে আবুল হাশেম ও মোস্তাকের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। ছোট ছোট দুটি সন্তান নিয়ে আবুল হাশেমের স্ত্রীর আহাজারি। একই অবস্থা দেখা যায় পার্শ্ববর্তী মোস্তাকের বাড়িতে। অন্য তিনজনের বাড়িতেও চলছে শোকের মাতম।

কাদিপুর গ্রামের ইউপি মেম্বার শাহজামাল হোসেন জানান, বুধবার রাতে ওই গ্রামের দুইজনসহ মোট সাতজন মিষ্টি কুমড়া ও কচুসহ মিনি ট্রাক বোঝাই করে খুলনা যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহের মহেশপুরের কাটাখালী নামক স্থানে ট্রাকের সামনের একটি চাকা ফেটে উল্টে যায়। এসময় মালামালের বস্তার নিচে পড়ে ৫ জন নিহত হন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ বলেন, ‘আমার উপজেলার যে তিনজন মারা গেছে তাদের আর্থিক সহযোগিতা দেয়া হবে।’ দামুড়হুদার কাদিপুর গ্রামে নিহত দুজনের বিষয়ে একই কথা জানালেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *