বিরোধী দলীয় নেতাকর্মীদের আদালতের দরজা বন্ধ : শাহাদাত

বিডি নিউজ ৬৪:  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন বলতে কিছুই নেই। দলীয়করণের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে  নিয়ে সাধারণ জনগণের এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের জন্য আদালতের দরজা বন্ধ করে দিয়েছে। জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা হরণ করেছে এই সরকার।’

গতকাল বুধবার বিকেলে চকবাজার ধনীরপুল এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চকবাজার ও কোতোয়ালী থানা বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ডা. শাহাদাত বলেন, সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দেশের মানুষ যখন সোচ্ছার তখন সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান ক্ষমতাশীল গোষ্ঠীর সীমাহীন প্যাসিবাদী চরিত্রের এটি একটি জঘন্য দৃষ্টান্ত ।

তিনি আরও বলেন, সংবিধান বর্ণিত জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতনের এই কূটকৌশল জনগণ প্রতিহত করবেই।

নগর তাঁতী দলের সভাপতি ও চকবাজার থানা বিএনপির আহ্বায়ক সবুক্তগীন ছিদ্দিকী মুক্কির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, নগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী, বিএনপি নেতা নবাব খান, ইসহাক চৌধুরী আলীম, মো. তৈয়্যব, মো. মহসিন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *