বিডি নিউজ ৬৪: নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদ্রাসায় (এতিমখানা) খাবার খেয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরো অন্তত ২০ জন।
মৃত তিন শিক্ষার্থী হলো নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্লার ছেলে আলিফ (৮) এবং শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের দুই প্রকার তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। অসুস্থ ১৪ জনকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় তাদের মধ্যে দুইজন মারা যায়। এর আগে এক ছাত্রকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম বলেন, “৩০ জন ছাত্র এবং কয়েকজন শিক্ষক মিলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এর কিছুক্ষণ পর অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের বমি শুরু হলে একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। এ অবস্থায় অন্য শিক্ষকদের অবগত করি। এরপর মারাত্মক অসুস্থ ১৪ জনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথেই দুইজনের মৃত্যু হয়। বাকি একজন যশোর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যায়।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. অনিক সাহা বলেন, “রাত ২টার দিকে মাদ্রাসার অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে আসে। যেহেতু রাতের খাবার খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েছে, তাই ধরে নেওয়া হচ্ছে এটা খাবারের বিষক্রিয়ার কারণে হতে পারে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল