বিডি নিউজ ৬৪: এবার শিক্ষার্থীরাই শিক্ষকদের শাসন করা শুর করলো? তারা শিক্ষকদের সময়ানুবর্তিতা শেখাতে চিঠি পর্যন্ত দিয়েছে! ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার একটি কলেজে ঘটেছে এমন ঘটনা। শিক্ষক-শিক্ষিকারা যেন সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যেই কলেজে আসেন সেই আহ্বান জানিয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছে শিক্ষার্থীরা।
জেলার নাড়াজোল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তাদের ছাপানো প্যাডে ভারপ্রাপ্ত শিক্ষককে উদ্দেশ করে লিখেছে, ‘রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সব সরকারি কর্মচারীকে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কাজে যোগ দিতে হবে। এই কলেজটিও যেহেতু রাজ্যেই অবস্থিত, তাই সব অধ্যাপক, অধ্যাপিকা আর কর্মচারীদের ওই সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
চিঠিটি দেয়া হয়েছে ভারপ্রাপ্ত শিক্ষক রনজিৎ খালুয়াকে। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘ওরা এভাবে চিঠি দিতে পারে না। মিটিং ডেকে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
শিক্ষকদের নিয়মানুবর্তিতা শেখাতে ছাত্রদের এই ‘স্পর্ধা’ অনেক শিক্ষকই ভালোভাবে নেননি।
তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য শাখাও অবশ্য এটাকে সমীচীন বলে মনে করছে না। তারা বলছে, এই ভাষায় স্যারেদের চিঠি লেখাটা হয়তো ওদের ঠিক হয়নি। অন্যভাবেও বলা যেত বিষয়টা।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এই চিঠি দেয়ার বিষয়ে বলছেন, ‘শিক্ষকরা সময়মতো আসছেন কি না সেটা আমরা দেখব। শিক্ষা দপ্তর রয়েছে তার জন্য। ছাত্রদের এই অধিকার কে দিয়েছে?’
অবশ্য রাজ্যের কলেজগুলোতে শিক্ষকদের সময় মতো না আসা নিয়ে অভিযোগ নতুন নয়। কিছুদিন আগেও উত্তরবঙ্গের একটি কলেজে সময়মতো না আসায় কলেজের গেট বন্ধ করে দীর্ঘক্ষণ শিক্ষকদের বাইরে অপেক্ষা করতে বাধ্য করেছিল ছাত্ররা।
এখানে উল্লেখ্য যে, শিক্ষকদের সাথে এ ধরনের আচরণ করে বরাবরই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন। তাদেরই বা কী দোষ ক্ষমতাসীন দলের কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা নতুন নয়। আগের বামফ্রন্ট সরকারের আমলেও সব কলেজ–বিশ্ববিদ্যালয়ের ওপরে নিয়ন্ত্রণ কায়েম করেছিল সিপিআইএম এর ছাত্ররা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল