বিডি নিউজ ৬৪: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে বাজিমাৎ করে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। তাই অনেক স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যান বাঁহাতি পেস বিস্ময়। কিন্তু প্রথমবার কাউন্টি মিশন খুব একটা সুখকর হলো না। বুধবার দুপুরে খোদ সাসেক্সই জানিয়েছে, কাঁধের ইনজুরির কারণে মোস্তাফিজের আর খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চোটাক্রান্ত কাটার মাস্টারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সাসেক্স।
প্রথমবার এমআরআই করানোর পরই কাঁধে কিছু সমস্যা ধরা পড়েছে মোস্তাফিজের। এ ব্যাপারে সতর্ক রয়েছে বিসিবি। তারা জানিয়েছে বিন্দুমাত্র ঝুঁকি নেয়া হবে না তাকে নিয়ে। প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে মোস্তাফিজের কাঁধে। এমনকি আজ-কালের মধ্যেই আবার এমআরআই করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মোস্তাফিজকে নিয়ে খুবই সতর্ক বিসিবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর কাঁধে বাড়তি কিছু লিকুইড জমে আছে। আরেকটি এমআরআই করানো হবে ওখানে। এরপর বুঝতে পারব আমাদের করণীয়। ইনজেকশন দেয়া হবে নাকি অপারেশন, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে ওখানকার চিকিৎসকদের মতামত শুনব আমরা, আমাদের ফিজিও-ডাক্তাররা তো আছেনই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
সাধারণত এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। অস্ত্রোপচার করলে অবশ্য মাস ছয়েকের বিশ্রামে চলে যেতে হবে মোস্তাফিজকে। সামনের অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় দলের অনেক সিরিজ আছে। সেক্ষেত্রে ঠিক কবে নাগাদ বাঁহাতি পেসারের অস্ত্রোপচার করানো হবে, তা নিয়েও রয়েছে একরকমের ধোঁয়াশা।
তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। এ বিষয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজের অস্ত্রোপচার প্রয়োজন হলে সেটাই করা হবে। পরিস্থিতি মতোই ব্যবস্থা নেয়া হবে। মোস্তাফিজ তো আমাদের বড় এক সম্পদ। তাই ওকে নিয়ে কোনোরকেমের ঝুঁকিই নেয়া হবে না।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল