বিডি নিউজ ৬৪: আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘এই নির্বাচন দিতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। আর এটা সম্ভব না হলে অধ্যাদেশ জারি করে নির্বাচন দেয়া হবে।’
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণকে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবে সংগঠিত না হতে পারে সে বিষয়ে শতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রামীণ অর্থনীতি বর্তমানে এতোটাই এগিয়েছে যে, তারা এখন আর রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট চায় না। তারা চায় খাম্বা (বিদ্যুতের পোল)। কারণ খাম্বা গেলেই কারেন্ট পাবে। পাশাপাশি তারা প্রতিটি ইউনিয়নে একজন করে সাব ইঞ্জিনিয়ার চাচ্ছে। এসবের সহায়তায় তারা আরো বেশি বেশি কাজ করতে পারবে।’
‘এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা আগামী ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হব’, যোগ করেন মন্ত্রী মোশাররফ।
এ সময় জেলা প্রশাসকদের উন্নয়ন কর্যক্রমে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল