বিডি নিউজ ৬৪: বিশ্বের সবচে প্রাচীন কোরান হিসেবে চিহ্নিত যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া ১ হাজার ৩৭০ বছরের পুরনো পবিত্র কোরান শরিফের কপিটি মহানবী হজরত মুহাম্মদ (স.) এর সাহাবি হজরত আবু বকর (রা.) এর সময়ের হতে পারে জানিয়েছেন গবেষকরা।
গত বছরের ২৩ ডিসেম্বর ব্রিটিশ গণমাধ্যম ‘দি ইনডিপেনডেন্ট’র এক প্রতিবেদনে বলা হয়, এটাই সম্ভবত পৃথিবীর সবচে প্রাচীন কোরান। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাউন্ডেশন ফর ইসলামিক স্টাডিজ’র ব্যবস্থাপনা পরিচালক জামাল বিন হুয়ারিব কোরান শরিফের এই অংশগুলোকে হজরত আবু বকরের (রা.) মনে করছেন।
তারা জানান, এ ধরনের একটি নথি খুব কমসংখ্যক লোকের কাছেই সংরক্ষিত থাকতে পারে। সে হিসেবে হজরত আবু বকরের কাছেই কপিটি থাকার সম্ভাবনা বেশি। হুয়ারিব বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কোরান আবু বকরের (রা.)। এটি এখন পর্যন্ত মুসলমানদের জন্য পবিত্র কোরানের সবচেয়ে বড় আবিষ্কার।’
গত বছরের জুলাইয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কোরানের সবচে প্রাচীন সংস্করণের কিছু অংশ খুঁজে পাওয়ার দাবি করে। হাতে লেখা ওই পাণ্ডুলিপিটির রেডিওকার্বন পরীক্ষার পর সেটি কমপক্ষে ১ হাজার ৩৭০ বছর আগে লেখা হয়েছিল বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন তাদের এ দাবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। অনেকে দাবির সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু পরে মধ্যপ্রাচ্য সূত্রও বিশ্ববিদ্যালয়টির দাবি সমর্থন করে।

মহানবী (স.) এর পরিবারের বাইরে আবু বকরই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম খলিফাও। কোরআনের ওই সংস্করণ একসময় মিশরের সবচেয়ে প্রাচীন মসজিদ আমর ইবন আল-আস এ ছিল বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া প্যারিসের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত কোরানের প্রচীনতম পাণ্ডুলিপির সঙ্গেও বার্মিংহামে খুঁজে পাওয়া পাণ্ডুলিপিটি নির্ভুলভাবে মিলে গেছে।
ফ্রান্সের গ্রন্থাগারে সংরক্ষিত কোরানের প্রাচীনতম পাণ্ডুলিপির অংশটি সেখানে আনেন কুটনীতিক অ্যাসলাঁ দ্যু শেহভিল। উনিশ শতকের প্রথম দিকে মিশরের উপ-রাষ্ট্রদূত ছিলেন তিনি। ওই সময় মিশর নেপোলিয়নের সেনাদের নিয়ন্ত্রণে ছিল। অধ্যাপক দোহশ বলেন, খুব সম্ভবত ১৮২০ সালের দিকে শেহভিলের বিধবা স্ত্রী তার কাছে থাকা কোরানের অংশ এবং অন্যান্য প্রাচীন ইসলামিক পাণ্ডুলিপি যুক্তরাজ্যের গ্রন্থাগারে বিক্রি করার চেষ্টা করেছিলেন।
প্রসঙ্গত, হজরত মুহাম্মদ (স.) এর মৃত্যু হয় ৬৩২ খ্রিস্টাব্দে। খলিফা আবু বকরের শাসনকাল ছিল ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ২৭ মাস ক্ষমতায় ছিলেন। এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও বেশিরভাগ কোরান বিশেষজ্ঞ একে খলিফা আবু বকরের সংকলিত কোরআনের প্রথম সংস্করণ বলেই মনে করছেন।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল