প্রাণে বেঁচে গেলেন মিম!

বিডি নিউজ ৬৪: অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নেপালে ‘আমি তোমার হতে চাই’ ছবির কাজ করতে গিয়ে পাহাড় ধ্বসের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।

মিম মঙ্গলবার রাতে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, ‘আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার সময় হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে পাহার ধসে পড়া শুরু করল। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম, আমাদের গায়ের ওপর এসে পড়বে। আর এই প্রথম এ রকমটা দেখতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের বাঁচানোর জন্য। এখনো হাত-পা কাঁপছে।’

জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে হঠাৎ মিমের গাড়ির সামনে পাহাড় ধসে পড়ে। সঙ্গে ইউনিটের সদস্যরাও ছিলেন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে মিম বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছিলেন। তিনি ছাড়াও সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রথম দফায় শুটিং শেষে শিগগিরই দেশে ফিরবে পুরো টিম।

অনন্য মামুন পরিচালিত ছবিটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। এছাড়াও অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। ছবিতে গান গেয়েছেন হাবিব ওয়াহিদ, জেমস, মমতাজ, আকাশ, তাহসিন ও নন্দিতা। সংগীত পরিচালক হিসেবে আছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ুন, নাভেদ পারভেজ, আকাশ। গান লিখেছেন জাহিদ আকবর, শফিক তুহিন, সুদীপ কুমার দীপ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *