বিডি নিউজ ৬৪: ২০১৫ সালে ১০ জুলাই, ওয়ানডে অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন কাগিসো রাবাদা। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার দিনই বাংলাদেশের বিপক্ষে হাত ঘুরিয়ে ৬ উইকেট নেন তিনি। ৮ ওভারে তিনটি মেডেনসহ ২.০০ গড়ে খরচ করেছিলেন মোটে ৮ রান। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নিয়েছিল ৮ উইকেটের ব্যবধানে।
গোটা বছরই এভাবে ‘তারা’ হয়ে জ্বললেন ২১ বছর বয়সী এই পেসার। তার স্বীকৃতিও পেয়েছেন তিনি। এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলাদের মতো তারকাকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাবাদা।
এখানেই শেষ নয়, মঙ্গলবার (২৬ জুলাই) জোহানেসবার্গে অনুষ্ঠিত সিএসএ’র বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম খেলোয়াড় হিসেবে একাই ছয়টি পুরস্কার জেতার অনন্য কীর্তি গড়লেন রাবাদা। বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বাকি ৫টি অ্যাওয়ার্ড হলো- টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার, ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার, প্লেয়ারস’ প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার ও টি২০ ডেলিভারি অব দ্য ইয়ার।

এ ছাড়া দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বর্ষসেরা ক্রিকেটারের রেকর্ডও এখন রাবাদার দখলে। আর প্রোটিয়াদের বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কারটি জিতেছেন তারকা স্পিনার ইমরান তাহির।
বর্ষসেরা নির্বাচিত হওয়ায় রাবাদাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুণ লরগাত। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সহজ ভাষায়, অসাধারণ! অভিষেকের বছরেই দারুণ কীর্তি গড়ায় অভিনন্দন রাবাদাকে। আমাদের ক্রিকেট ইতিহাসে তরুণ ক্রিকেটারদের মধ্যে তার সেরা অর্জন। গত বছর আমাদের সেরা বোলারদের ইনজুরির মুহূর্তে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছে। দারুণভাবেই সে কাজটি করেছে!’
গত বছর ১৪টি ওয়ানডে খেলে ৩০ উইকেট নিয়েছেন রাবাদা। তবে এ পর্যন্ত একদিনের ম্যাচ খেলেছেন মোট ২০টি। নামের পাশে যোগ করেছেন ৩৭ উইকেট। ৬টি টেস্ট ম্যাচ খেলে লাভ করেছেন ২৪ উইকেট। আর ১৬টি টি২০ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল