দারুল ইহসানের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে শিক্ষার্থীরা

বিডি নিউজ ৬৪: সরকারের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের শিক্ষার্থীরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ক্ষতিপূরণের অংক হতে পারে নূন্যতম ৫ লাখ টাকা পর্যন্ত।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদকর্মীদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে নূন্যতম ৫ লাখ টাকা দাবি করতে পারবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে। তারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দারুল ইহসান অসংখ্য শাখা খুলে সনদ বাণিজ্যে জড়িয়ে পড়েছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারা স্টে অর্ডার নিয়ে টিকে ছিল। এখন হাইকোর্ট সরাসরি রায় দিয়েছে, জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’

তিনি বলেন, ‘দারুল ইহসানের ক্যাম্পাসসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছে, আইনগতভাবেই তা করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *