প্রাইমারির শিক্ষার্থীরা ভাল পারে না, কেন শুনব?

বিডি নিউজ ৬৪: দেশের প্রাইমারি স্কুলগুলোতে তদারকি ও শিক্ষার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীরা ভাল পারে না, এ কথা কেন শুনব?’

মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘অনেক সময়ই অভিযোগ আসে প্রাইমারি স্কুলগুলোতে লেখাপড়ার মান ভাল না। অথচ আমরা শিক্ষকদের মানোন্নয়ন করছি। কিন্তু শিক্ষকদের সব সুবিধা বাড়ানোর পরেও কেন আমাদের শুনতে হবে কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা ভাল পারে আর প্রাইমারির শিক্ষার্থীরা ভাল পারে না?’

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকরা কিছু সমস্যার কথা বলেছেন। কিছু কিছু জায়গায় স্কুল ভবনের সমস্যা, মানসম্মত ক্লাসরুমের অভাব, ঝরে পড়া শিক্ষার্থী, উপবৃত্তি, শিক্ষক স্বল্পতার কথা তারা জানিয়েছেন। সমস্যা সমাধানে তারা কিছু পরামর্শও দিয়েছেন।’

কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও তার মধ্যই কাজ করে যাবেন বলেও জানান তিনি।

জঙ্গি ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটা জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু। ইতোমধ্যই আমরা সচিব ও ডিজির মাধ্যমে বিদ্যালয়গুলোকে বলেছি, ছোট শিশুরা জঙ্গিবাদ বিষয়ে যা বোঝে স্বল্প কথায় তাদের তা বোঝাতে হবে। কোনটা খারাপ, কোনটা ভালো, আর কোন কাজটি ধর্ম, সমাজ কিংবা মানবতা স্বীকার করে আর কোনটা অস্বীকার করে সেটা তাদের বোঝাতে হবে। সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *