আবাসিকে বাণিজ্য: গুলশানের ১০ প্রতিষ্ঠান বন্ধ

বিডি নিউজ ৬৪: আবাসিক এলাকায় ভবন নির্মাণের অনুমোদন নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে রাজধানীর গুলশান এলাকায় ৭টি হোটেল ও তিনটি বিউটিপার্লার বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া তিনটি ভবনের সামনের ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত র‌্যাম্প অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে গুলশান-১ এলাকার ১ থেকে ৫নং সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য সেবা বন্ধ করে দেয়া হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বারবার নোটিশ দেয়ার পরেও প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেয়নি। আবাসিক এলাকায় ভবন নির্মাণের অনুমোদন নিয়ে তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠান জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি। এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *