বিডি নিউজ ৬৪: মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মতিঝিলের হিরাঝিল হোটেলের সামনে থেকে এ মিছিলটি শুরু হয় হয়। এরপর মিছিলটি মধুমিতা সিনেমা হল ঘুরে শাপলা চত্বরের কাছে আসলে পুলিশী বাধায় তা পণ্ড হয়ে যায়। তবে এ সময় কেউ আটক হয়েছে কিনা, তা জানা যায়নি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক এম এ গাফফারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, দক্ষিণের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, মুস্তাক আহমেদ, প্রথম যুগ্ম সম্পাদক আরমান হোসেন, পাভেল শিকদার, মুকিত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা প্রমুখ।
মিছিলের সঙ্গে নগর দক্ষিণ ছাত্রদলের একটি হুন্ডা টিমও ছিল বলে জানিয়েছেন দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন।
প্রসঙ্গত, তারেক রহমানকে হাইকোর্টে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ২ দিনের কর্মসূচি অনুযায়ী আজ (২৬ জুলাই) ঢাকার সব ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এছাড়া আগামীকাল ২৭ জুলাই দেশের সব জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে।
এদিকে, একই ইস্যুতে গত ২১ জুলাই রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এম এ গাফফার ওই মিছিলের নেতৃত্ব দেন।
গত ২১ জুলাই অর্থপাচার মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ২০ কোটি টাকা জরিমানাও করেন আদালত। সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।
অর্থপাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুদক। বিচার শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল