কল্যাণপুরে অভিযান : নিহতদের ৮ জনের পরিচয় মিলেছে

বিডি নিউজ ৬৪: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. হাসান নিহত সহযোগীদের নাম জানিয়েছে। এরা হলেন- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান,  ইকবাল, সাব্বির এবং তাপস। একজনের নাম জানাতে পারেনি চিকিৎসাধীন হাসান।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে আস্তানা হিসেবে ব্যবহৃত ৫ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অভিযান শেষে আহত অবস্থায় আটক মো. হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১ নম্বর ব্লকে চিকিৎসাধীন আছে মো. হাসান।

চিকিৎসাধীন হাসানের বাড়ি বগুড়ার জীবন নগরে। তার বাবার নাম রেজাউল করিম। সে স্থানীয় শাহ সুলতান কলেজের ছাত্র। অভিযানের শুরু হলে হাসান তিনতলা থেকে নীচে লাফ দেয়। এতে চোট লাগে তার মাথায় ও পায়ে। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

পুলিশ জানায়, আহত হাসান এক বছর আগে থেকে অন্যদের সঙ্গে জঙ্গি তৎপরতায় জড়ায়। এ সময় বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলেও সে পুলিশকে বলেছে। এক মাস আগে তাকেসহ অন্যদের এ বাড়িতে নিয়ে আসা হয়। এখানে তাদের সবাইকে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় তাকে নিচে নামতে দেয়া হয়নি বলেও জানায় সে। সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব দেয়া হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *