বিডি নিউজ ৬৪: মুসলিম নারী ও পুরুষদের কারাগার থেকে মুক্তি না দেয়ার আগ পর্যন্ত বিশেষত পশ্চিমাদের অপহরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্বের বহুল আলোচিত সন্ত্রাসী সংগঠন আলকায়েদার প্রধান আয়মন আল জাওয়াহিরি। সম্প্রতি এক অডিও সাক্ষাতকারে জাওয়াহিরি পশ্চিমাদের ইসলামের শত্রু বলে আখ্যা দিয়ে এমন আহ্বান জানান। পশ্চিমা দেশগুলোর কারাগারে অন্তরীন থাকা বিভিন্ন মুসলিম নারী ও পুরুষকে মুক্তি দেয়ার প্রশ্নে এই প্রথম আলকায়েদার শীর্ষস্থানীয় কোনো নেতা মুখ খুললেন।
২০১১ সালে আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হলে পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাওয়াহিরি। মার্কিন সমর বিষয়ক বিশেষজ্ঞদের মতে, নাইন ইলেভেনের হামলার পেছনে যে মস্তিস্কটি সর্বাধিক কাজ করেছিল এবং মূল পরিকল্পনাকারী ছিল এই জাওয়াহিরি। ২০০১ সালে মার্কিন বিমান হামলায় জাওয়াহিরির এক স্ত্রী ও দুই সন্তান মারা যায়। সর্বশেষ যুক্তরাষ্ট্র সরকার তার মাথার মূল্য নির্ধারণ করেছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া ডেইলি মেইল বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট’ মারফত জাওয়াহিরির অডিও সাক্ষাতকারটির খবর প্রকাশ করে। তবে এখন পর্যন্ত এই অডিও বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সাক্ষাতকারটিতে বারবার মুসলিমদের মুক্তির বিষয়টি জোর দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে পুরো সাক্ষাতকারে বিশেষ কোনো বন্দীর মুক্তির কথা বলা হয়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল