ব্রাহ্মণবাড়িয়া থেকে জাকিয়ার লাশ এনে চাঁদপুরে দাফন

বিডি নিউজ ৬৪: দীর্ঘ ৭ মাস পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে গৃহবধূ জাকিয়ার লাশ চাঁদপুরে এনে দাফন করা হয়েছে। গত ২৫ জুলাই ব্রাহ্মণবাড়ি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমার উপস্থিতিতে জাকিয়ার লাশ উত্তোলন করে চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই নিজাম উদ্দিন ভূঁইয়া।

পরে জাকিয়ার ছোট বোন পাপিয়ার কাছে লাশ হস্তান্তর করা হয়। রাতেই চাঁদপুর শহরের মাদরাসা রোড়স্থ মুসলিম কবরস্থানে এনে লাশ দাফন করা হয়। এর আগে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাইয়ের লিখিত নির্দেশ নিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পাপিয়া ব্রাহ্মণবাড়িয়ায় যায়।

এ বিষয়ে পাপিয়া বেগম বলেন, ‘জাকিয়া আপা আমাকে অনেক আদর করতো। ভাগ্যের নির্মম পরিহাসে হত্যার শিকার হয়ে অজ্ঞাত লাশ হিসেবে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হয়। বোনের মৃত্যুর খবর পেয়ে ও তার কবর অন্য জেলায় হওয়ায় আমি ও আমার পরিবার মানসিকভাবে ভেঙে পরি। এরপর দীর্ঘ ৭ মাস বিভিন্ন চড়াই-উতরাই পেড়িয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় বোনের লাশ উত্তোলন করে চাঁদপুরে এনে মায়ের কবরের পাশে দাফন করতে সক্ষম হয়েছি। এজন্য আমি জেলা ও পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের ছায়াবাণী সিনেমা হলের পিছনে বসবাসকারী শহীদ মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৩৬) এর লাশ ১৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায় একটি বিলের মাঝে ক্ষত-বিক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্ত শেষে লাশটি অজ্ঞাত হিসেবে আঞ্জুমানে মফিদুল ইনসানের মাধ্যমে সেখানেই দাফন করে। পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে বিভিন্ন থানায় নবীনগর থেকে অজ্ঞাত নারীর মৃত্যুর খবর প্রকাশ করা হলে জাকিয়ার বোন পাপিয়া ও পরিবারের অন্যান্যরা নবীনগর গিয়ে জাকিয়ার লাশের ছবি দেখে শনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *