বিডি নিউজ ৬৪: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে বাস শ্রমিকদের সঙ্গে কলেজ ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় ১১টি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সভাপতি শিপন মোটরসাইকেল নিয়ে আজ সোমবার দুপুর দেড়টার দিকে চরফ্যাশন উপজেলা সদর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একই সড়ক দিয়ে প্রিন্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় বাসের চাকা কাদা-পানিতে পড়ে সেই পানি ছিটকে গিয়ে শিপনের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা শিপন যাত্রীবাহী বাসটি থামিয়ে বাসের চালক সবুজকে মারধর করেন। এর জের ধরে বাস শ্রমিকরা জোট বেঁধে ছাত্রলীগ নেতাকে ধরে এনে বাস টার্মিনালে আটকে রাখে।
এদিকে, ছাত্রলীগ নেতাকে আটকের খবর পেয়ে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে চরফ্যাশন বাস টার্মিনালে হামলা চালিয়ে প্রায় ১১টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ছাত্রলীগ নেতা শিপনকে উদ্ধার করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এতে অন্তত সাতজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ ব্যাপারে চরফ্যাশনের দায়িত্বে নিয়োজিত জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন চাষি কালের কণ্ঠকে বলেন, “বাসের চাকা কাঁদা-পানিতে পড়ে সেই পানিতে কলেজ ছাত্রলীগ নেতা শিপনের জামা-কাপড় নষ্ট হয়ে গেলে ছাত্রলীগ নেতা শিপন বাসের চালক সবুজকে মারধর করেন। এর জের ধরে বাস শ্রমিকরা ছাত্রলীগ নেতাকে ধরে এনে বাস টার্মিনালে আটকে রাখে। পরে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা চরফ্যাশন বাস টার্মিনালে হামলা চালিয়ে ১১টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। তবে আমরা শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, ছাত্র-শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। থানায় কোনো পক্ষ মামলা করেনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল