আদিবাসীরা ডাবল সংখ্যালঘু

বিডি নিউজ ৬৪: দেশের আদিবাসীরা ডাবল (দ্বিগুণ) সংখ্যালঘু বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন, আদিবাসীদের অধিকার সুরক্ষা করে সরকারকে উন্নয়ন প্রকল্প নিতে হবে।

সোমবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‌‘মধুপুরে সংরক্ষিত বনের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ বিষয়ক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও নাগরিক প্রতিনিধিদল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গত ১৫ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় মধুপুর এলাকায় ৯ হাজার ১৪৫ একর জমিকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করে। কিন্তু সেখানে ১৩টি গ্রামে কয়েক শ বছর ধরে গারো, বর্মণ, কোচসহ ১৫ হাজারের বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে। এ প্রকল্পের বিরুদ্ধে আদিবাসীদের সুরক্ষায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার উন্নয়নের নামে যেসব প্রকল্প নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে। মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এ প্রকল্প পরিবেশবিধ্বংসী ও মানবাধিকার পরিপন্থী। আমাদের দাবি, সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে, যাতে ওই এলাকার আদিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’

সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘যে জমি আমরা পাকিস্তানের কাছ থেকে রক্ত দিয়ে মানুষের জন্য ছিনিয়ে এনেছি, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা জঙ্গিরা সে জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করছে। এভাবে তারা দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *