বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যের উপকূলের অদূরে একটি নৌকাডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২০ জন। উপকূলীয় রক্ষীরা সোমবার এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৬২ জন যাত্রী ছিল। তাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। তারা অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে শক্তিশালী স্রোতের তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
এক উপকূলরক্ষী রক্ষীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’কে জানায়, এই ঘটনায় এ পর্যন্ত নৌকাটির ৩৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
দুর্ঘটনায় নিজের সন্তান সম্ভবা স্ত্রীকে হারিয়েছেন এক যাত্রী। উদ্ধার পাওয়ার পর তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে রক্ষা করতে পারিনি। নৌকাটি ডুবে যাওয়ার সময় সে আমার পাশেই বসেছিল। এটি এক ভয়াবহ অভিজ্ঞতা।’
উদ্ধারকৃতদের মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিবাসন বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি আরো জানিয়েছে, ইন্দোনেশীয় যাত্রীরা বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল