বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি

বিডি নিউজ ৬৪: অর্থ পাচার মামলায় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড ও আর্থিক জরিমানার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার এ কর্মসূচি পালন করবে দলটি। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আজ সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি জানান, ঢাকা মহানগরে প্রতিটি থানায় এবং সারাদেশে প্রতিটি উপজেলায় বিএনপি নেতা কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, অর্থ পাচার মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ২১ জুলাই তারেক রহমানকে দোষি সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। এ মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালত মামুনের কারাদণ্ড বহাল রাখলেও জরিমানা কমিয়ে ২০ কোটি টাকা ধার্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *