অশ্বিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

বিডি নিউজ ৬৪: বল হাতে ফের জাদু দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ৮৩ রান খরচায় সাত উইকেট লাভ করেছেন। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে কুপোকাত হয়েছে ক্যারিবিয়রা। আর তাতে প্রথম টেস্টে ইনিংস ও ৯২ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১ -০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ জুলাই (শনিবার)।

অ্যান্টিগুয়ার নর্থ সাউথে অবস্থিত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার ১ উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ক্যারিবিয় দল শেষ পর্যন্ত ২৩১ রানে অলআউট হয়ে যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিন স্পিন ঘূর্ণির মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা (৯) ও ড্যারেন ব্রাভো (১০) বেশিদূর এগোতে পারেননি। উমেশ যাদবের শিকার হওয়া ব্রাভো এদিন দলের স্কোরশিটে কোনো রানই যোগ করতে পারেননি। সাজঘরে ফিরেছেন ওই দশ রানেই। আর অশ্বিনের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়া রাজেন্দ্র চন্দ্রিকার দৌড় থামে ৩১ রানে।

ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন মারলন স্যামুয়েল। তবে ফিফটি করতেই অশ্বিনের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন তিনি। ৮৫ বলে ১১টি চারের সাহায্যে ঠিক ৫০ রান করেন ক্যারিবিয় তারকা। কার্লোস ব্রাফেটও ফিফটি তুলে নিয়েছেন। অপরাজিত ছিলেন ৫১ রানে। এ ছাড়া ৪৫ রান করেছেন দেবেন্দ্র বিশু। ভারতের হয়ে ৭ উইকেট নেয়া অশ্বিন নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এ ছাড়া একটি করে উইকেট পকেটে পুরেছেন মোহাম্মদ সামি, উমেশ যাদব ও অমিত মিশ্র।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রাথওয়েট দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন। যোগ্য সঙ্গী না পাওয়া শেন ডাওরিচ অপরাজিত ছিলেন ৫৪ রানে। ভারতের পক্ষে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন উমেশ যাদব। সমসংখ্যক উইকেট পকেটে পুরেছেন মোহাম্মদ সামিও। বাকি দুটি উইকেট দখলে নিয়েছেন অমিত মিশ্র।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ভারতের পক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ২৮৩ বলে ২৪টি চারে ঠিক ২০০ রান করেছেন ভারতের টেস্ট অধিনায়ক। কোহলিকে সঙ্গ দেয়া অশ্বিনও সেঞ্চুরি করেছেন। তার ২৫৩ বলে ১১৩ রানের ইনিংসটি সমৃদ্ধ ১২টি চারে। ফিফটি করেছেন অমিত মিশ্র (৫৩)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন দেবেন্দ্র বিশু ও কার্লোস ব্রাফেট। শ্যানন গ্যাব্রেইলের পকেটে জমা পড়ে দুটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *