বিডি নিউজ ৬৪: বিএনপির ডাকা অর্ধদিবস হরতালে কোনো প্রভাব পড়েনি জনজীবনে। সকাল থেকে হরতাল আহ্বানকারী দল বিএনপির কোনো নেতাকর্মীকেই মাঠে দেখা যায়নি।
হরতাল ডেকে ঘর থেকেই বের হয়নি দলটির শীর্ষ পদের নেতারা। তবে সকাল সাড়ে ৮টায় হরতালবিরোধী মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি শহরের সাতমাথা দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানামোড় প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সকাল থেকে শহরে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
দুরপাল্লার যানবাহনগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে যথা সময়ে। শুধুমাত্র শহরের বিয়াম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষা স্থগিত করেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহর এবং শহরতলীতে হরতালের সমর্থনে কোনো মিছিল এবং পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
তবে পুলিশের প্রস্তুতি ছিল ব্যাপক। শহরের সাতমাথায় জলকামান এবং রায়টকার প্রস্তুত রাখার পাশাপাশি শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও হরতালের কোনো প্রভাব নেই বলে জানা গেছে।
উল্লেখ্য, দুদকের দায়ের করা অর্থপাচার মামলায় আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে সোমবার (২৫ জুলাই) বগুড়া জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করে বিএনপি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল