এগিয়ে ইংল্যান্ড চাপে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাঁচাতে পাকিস্তানের অসম্ভবকে সম্ভব করতে হবে। ইংল্যান্ড তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে ৪৮৯ রানে। চতুর্থ দিনে আরো কত রান যোগ করে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে সেটাই দেখার। বোলিংয়ের মতো পাকিস্তানের ব্যাটিংও তৃতীয় দিনে খেই হারিয়ে ফেলে। ১৯৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে মিসবাহ-উল-হকের দল। কিন্তু অ্যালিস্টার কুক পাকিস্তানকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামেন। দিন শেষে ২১ ওভারে অ্যালেক্স হেলসের (২৪) উইকেট হারিয়ে ইংল্যান্ড স্কোরবোর্ডে তুলেছে ৯৮ রান।

ফর্মের তুঙ্গে রয়েছেন ইংলিশ অধিনায়ক কুক। আগের ইনিংসে স্যার ডন ব্রাডম্যানের ২৯ সেঞ্চুরি ছোঁয়া এই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও অপরাজিত আছেন ৪৯ রান নিয়ে। ওয়ানডে স্টাইলে ব্যাট করে তিনি এই রান করেছেন ৫৩ বলে ছয় চারের সাহায্যে। তার সঙ্গে অপরাজিত আছেন আগের ইনিংসে ক্যারিয়ার সেরা ২৫৪ রানের ইনিংস খেলা জো রুট (২৩)। ৩৬ রান দিয়ে হেলসের উইকেটটি পেয়েছেন মোহাম্মদ আমির।

তার আগে ৪ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তানের ইনিংসে এক মিসবাহ ও শেষের দিকে ওয়াহাব রিয়াজ ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। মিসবাহ ১১৪ বলে চার বাউন্ডারীতে ৫২ রানের ইনিংস খেলেন। রিয়াজের ব্যাট থেকে ৩৯ রান এসেছে ৬১ বলে পাঁচ চার, এক ছয়ের সাহায্যে। ৬৭ রানে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন ক্রিস ওকস। ৩৯ ও ৪৩ রান দিয়ে যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও মঈন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *