যৌথ র‌্যালি করবে তুরস্কের সরকারি ও বিরোধী দল

বিডি নিউজ ৬৪: তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) ও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) মধ্যে বরাবরই বৈরী সম্পর্ক চলে আসছে। তবে এবার গণতন্ত্র রক্ষার খাতিরে একসঙ্গে র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি। ব্যর্থ সেনা অভ্যুত্থান পরবর্তী অবস্থা মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে উভয় দল।

এছাড়া তুর্কি সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টার পর এক একতা প্রদর্শনীতে অংশ নিয়ে দেশটির বিমান বাহিনীর প্রধান এক বিবৃতিতে সামরিক বাহিনীর সর্বাধিনায়কের একনিষ্ঠ আনুগত্যের ওপর জোর দেন। উল্লেখ্য, অভ্যুত্থান চেষ্টায় বিমান বাহিনীর একটি অংশও জড়িত ছিল।

তুর্কি সামরিক বাহিনীর বর্তমান সর্বাধিনায়ক হুলুসি আকরকে ষড়যন্ত্রকারীরা ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টার রাতে জিম্মি করে রাখে। তিনিও অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা ‘ইউনিফর্ম পরিহিত কাপুরুষ’। তারা দেশ ও জাতির বড় ধরনের ক্ষতি করতে চেয়েছিল।

অভ্যুত্থানের রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সৌভাগ্যক্রমে বেঁচে যান। তিনি তখন একটি হোটেলে অবকাশ যাপন করছিলেন। ওই হোটেলেও বোমাবর্ষণ করেছিল বিদ্রোহী সেনারা। বর্তমানে তুরস্কে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। সংসদের অনুমোদন ছাড়াই যেকোনো আইন পাস করার ক্ষমতা তাকে দেয়া হয়েছে।

অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তুরস্কে ৬০ হাজার পুলিশ, বিচারক, বেসামরিক কর্মচারি ও অন্যান্য কর্মচারিদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে, যাদের মধ্যে ৮ হাজার ৮৩১ জন সেনা সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *